সর্বকালের সেরা নন, দলের প্রভাবকেই গুরুত্ব দেন কোহলি

সাক্ষাৎকারে নিজের ক্রিকেটীয় অবস্থান নিয়ে বিরাট কোহলি
সাক্ষাৎকারে নিজের ক্রিকেটীয় অবস্থান নিয়ে বিরাট কোহলি

মুক্তমন রিপোর্ট : ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হলেও নিজেকে সর্বকালের সেরা মনে করেন না ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার মতে, ভিন্ন সময়ে অনেক ক্রিকেটার অসাধারণ কীর্তি গড়েছেন। তাই শুধু পরিসংখ্যান দিয়ে কাউকে সর্বকালের সেরা বলা কঠিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্রিকেটীয় অবস্থান নিয়ে কথা বলেন কোহলি। সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে দেখেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজেকে সর্বকালের সেরা মনে করি না।

কোহলির মতে, ভিন্ন সময়ে খেলা ক্রিকেটারদের অর্জনও বিবেচনায় রাখা উচিত। কারও পরিসংখ্যান হয়তো তার মতো নয়, আবার কারও পরিসংখ্যান তার চেয়েও ভালো। তবে একজন ক্রিকেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের ওপর তার প্রভাব।

প্রায় ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে ফিরে কোহলি বলেন, দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের। ভালো করার তাড়না, অভিজ্ঞতা, ফিটনেস, ম্যাচ সম্পর্কে ধারণা ও অনুপ্রেরণার সমন্বয় তাকে এত দিন এগিয়ে যেতে সাহায্য করেছে।

দলের সাফল্যে অবদান রাখাকেই নিজের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন কোহলি। দেশের হয়ে খেলার আগ্রহ এখনো একই রকম রয়েছে বলেও জানান তিনি। যত দিন দলের জন্য অবদান রাখার সক্ষমতা ও অনুপ্রেরণা থাকবে, তত দিন দেশের হয়ে খেলতে পারাকে বড় সম্মানের বিষয় হিসেবে দেখেন তিনি।

ওয়ানডেতে ৫৪টি সেঞ্চুরিসহ কোহলির রান ১৪ হাজার ৯৪১। ৩১৪ ম্যাচে ৫৮.৫৯ গড়ে এই রান করেছেন তিনি। ১৫ হাজার ওয়ানডে রানের মাইলফলক থেকে ৫৯ রান দূরে রয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৮৫, যার মধ্যে ওয়ানডেতে ৫৪টি। 

Muktomon/TA