মুক্তমন রিপোর্ট : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ভারতীয় দলে পাওয়া গেলে শিরোপা জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।
রোহিত-কোহলি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে তাদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও দুজনই এখনো এই ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন।
রেডিফ ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেন, ভারতের দলে বিরাট কোহলির মতো ‘রান মেশিন’ এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। আইপিএল ও ভারতের হয়ে রোহিতের একাধিক শিরোপা জয়ের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি।
রায়নার মতে, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ২০২৭ বিশ্বকাপে রোহিত ও কোহলিকে পাওয়া গেলে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ থাকবে।
তবে সাবেক ভারতীয় নির্বাচক সন্দীপ পাতিল মনে করেন, রোহিত ও কোহলির ভবিষ্যৎ অনেকটাই তাদের নিজেদের সিদ্ধান্ত, ফিটনেস এবং নির্বাচকদের পরিকল্পনার ওপর নির্ভর করছে।
পাতিল বলেন, তারা খেলা চালিয়ে যেতে চান কি না এবং নিজেদের ফিটনেস ধরে রাখতে পারেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ। একইসঙ্গে নির্বাচকরা ভবিষ্যতের দিকে তাকিয়ে দল গঠন করছেন কি না, সেটিও বিবেচনার বিষয়।
ভারতের বেঞ্চ শক্তি নিয়েও আত্মবিশ্বাসী পাতিল। তার মতে, রোহিত ও কোহলি দলে থাকুন বা না থাকুন, তাদের জায়গা নেওয়ার মতো পর্যাপ্ত প্রতিভা ভারতীয় ক্রিকেটে রয়েছে।
দুই অভিজ্ঞ ক্রিকেটারকে কিংবদন্তি হিসেবেও উল্লেখ করেন পাতিল। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে রোহিতের অবদান এবং কোহলির দীর্ঘদিনের পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি।
Muktomon/TA