মুক্তমন রিপোর্ট : বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অর্জন। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে সেরা অভিনেত্রী হিসেবে ইয়ামির হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুজরাটের একতা নগরে অনুষ্ঠিত হয় এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইয়ামির পাশাপাশি ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটিও সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত ইয়ামি বলেন, এই মুহূর্তটি এখনো পুরোপুরি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছেন তিনি। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া যেকোনো শিল্পীর জন্য এমন সম্মান অত্যন্ত গর্বের।
ইয়ামি আরও বলেন, স্বপ্ন নিয়ে যারা মায়ানগরীতে আসেন, তাদের সবার পক্ষ থেকেই তিনি এই অনুভূতির কথা বলছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
অভিনেত্রী জানান, ক্যারিয়ারে অনেক দূর এগিয়েছেন কি না, তা তিনি জানেন না। তবে এখনো শেখার এবং ভালো কাজ করার অনেক কিছু বাকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।