মাটিডালিতে ১১ দলের পথসভা, আট দফা দাবিতে লংমার্চ

মাটিডালি বিমান মোড়ে ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বক্তব্য রাখছেন নেতারা
মাটিডালি বিমান মোড়ে ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বক্তব্য রাখছেন নেতারা

নিজস্ব প্রতিবেদক : আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার বগুড়ায় পৌঁছালে মাটিডালি বিমান মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সোয়া ৫টার দিকে অনুষ্ঠিত এ পথসভায় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের ঘোষিত আট দফা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর দাবি নয়; জনগণের দাবি হিসেবে তাঁরা এসব কর্মসূচি পালন করছেন।

তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তাঁদের দাবির মধ্যে রয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার এসব দাবি বাস্তবায়ন না করায় লংমার্চের কর্মসূচি নিতে হয়েছে। ভবিষ্যতে ঢাকামুখী লংমার্চের কর্মসূচিও আসতে পারে উল্লেখ করে তিনি বগুড়াবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেই তাঁদের এই লংমার্চ। বগুড়াকে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ তুলে ধরেন। উত্তরবঙ্গের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি মেনে নেওয়া ছাড়া সরকারের সামনে কোনো পথ নেই। তিনি শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার কথা জানান এবং সরকারের সঙ্গে কার্যকর আলোচনার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।

আয়োজকদের দাবি, মাটিডালির পথসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। একপর্যায়ে পথসভাটি জনসভায় রূপ নেয়। আশপাশের বিভিন্ন ভবনের ছাদ থেকেও অনেকে বক্তব্য শোনেন।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে শনিবার সকালে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। বগুড়ার পথসভা শেষে বহরটি গাইবান্ধার পলাশবাড়ীর দিকে রওনা দেয়। সেখানে পথসভা শেষে রংপুরের জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।

Muktomon/TA