এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স

শাহজালাল (র.) মাজারের দানবাক্স খুলে টাকা গণনা
শাহজালাল (র.) মাজারের দানবাক্স খুলে টাকা গণনা

লিমন আহমদ : প্রায় এক মাস চার দিন পর সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মাজার প্রাঙ্গণে এসব দানবাক্স খোলার পর অর্থ গণনা শুরু হয়।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া অর্থ গণনার কার্যক্রম শুরু হয়।

দুপুর পৌনে ১২টা পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গণনার পুরো কার্যক্রম মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা পর্যবেক্ষণ করছেন।

মাজার সূত্র জানায়, নির্দিষ্ট সময় পরপর দানবাক্স ও ডেকচি খুলে সেখানে জমা হওয়া অর্থ গণনা করা হয়। সর্বশেষ প্রায় এক মাস চার দিন আগে এসব দানবাক্স খোলা হয়েছিল। এবারও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দানবাক্স খোলার পর অর্থ গণনা শুরু হয়েছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণনা শেষ না হওয়ায় মোট কত টাকা পাওয়া গেছে, তা জানা যায়নি।

সিলেট প্রতিনিধি

Muktomon/TA