নিজস্ব প্রতিবেদক : দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সরকার সারাদেশে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার লেকে ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখাই সরকারের মূল লক্ষ্য।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনসংখ্যা বাড়লেও বর্তমানে দেশে মাছের উল্লেখযোগ্য ঘাটতি নেই। বিশেষ করে মিঠাপানির মাছের উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে মাছ চাষির সংখ্যা বৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রান্তিক পর্যায়ের খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মৎস্য খামারিরা কৃষক কার্ডের আওতায় বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি সহজ শর্তে ঋণ ও বিভিন্ন প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
মাছের খাদ্য ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ মাছ উৎপাদনে খামারিদের সচেতন করা হচ্ছে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।
মাঠপর্যায়ের কর্মকর্তারা খামারিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ দিচ্ছেন বলেও জানান তিনি।
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিত করতে সরকারের নজরদারি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নিম্নমানের ফিড উৎপাদন ও বাজারজাতকরণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার লেকে মোট ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস রয়েছে।
অবমুক্ত করা পোনাগুলোর আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার। সব মিলিয়ে প্রায় ২ হাজার ৫৭৫টি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রুই প্রায় ১ হাজার ১০০টি, কাতলা ৬০০টি এবং কালিবাউস প্রায় ৮৭৫টি।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলমসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA