লাইব্রেরিতে অপুর হাতে 'গীতাঞ্জলি' মুগ্ধ ভক্তরা

লাইব্রেরিতে হাতে গীতাঞ্জলি নিয়ে ফটোশুটে অভিনেত্রী অপু বিশ্বাস
লাইব্রেরিতে হাতে গীতাঞ্জলি নিয়ে ফটোশুটে অভিনেত্রী অপু বিশ্বাস

মুক্তমন রিপোর্ট : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিয়মিতই বিভিন্ন ফটোশুটে অংশ নেন। তবে এবার তার ফটোশুটে ছিল কিছুটা ভিন্নতা। ব্যতিক্রমী সাজের পাশাপাশি ছবি তোলার স্থান ও হাতে থাকা বইটিও নজর কেড়েছে ভক্তদের।

রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে চকচকে ধূসর-বাদামি রঙের স্টাইলিশ টু-পিস স্যুটে দেখা যায়। তবে পোশাকের পাশাপাশি বিশেষভাবে নজরে এসেছে তার হাতে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’।

ছবিগুলো ধারণ করা হয়েছে একটি লাইব্রেরিতে। পেছনে সারি সারি বইয়ের তাক। কখনো বইয়ের পাতায় চোখ রেখে, আবার কখনো বইটি মুখ ও মাথার কাছে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও ছিল বিশেষ বার্তা। অপু লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’

অপুর এমন ব্যতিক্রমী ফটোশুটে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার লাইব্রেরির পরিবেশের সঙ্গে শাড়িতে তাকে দেখার ইচ্ছার কথাও জানিয়েছেন।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সম্প্রতি তিনি ‘শিকার’ সিনেমার শুটিং শেষ করেছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে নেপালে।

‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন মরতুজা পলাশ। এছাড়া সিনেমাটিতে রয়েছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।

তবে মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় সিনেমাটির বাকি কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।

Muktomon/TA