মুক্তমন রিপোর্ট : কুয়েতে নতুন করে আবারও ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কুয়েতি সেনাবাহিনী।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে কুয়েতি সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল প্রতিহত করার চেষ্টা করছে।
হামলা প্রতিহতের সময় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে উল্লেখ করে দেশটির সেনাবাহিনী সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়েতি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “ইরানের ন্যাক্কারজনক হামলার পর কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ মুহূর্তে শত্রুদের মিসাইল এবং ড্রোন হামলা প্রতিহত করছে।”
বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলা প্রতিহতের কারণে যে কোনো ধরনের বিস্ফোরণের শব্দ হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তামূলক নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত পরশু রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান।
এর অংশ হিসেবে ইরান কুয়েত, জর্ডান ও ইরাকে ড্রোন ও মিসাইল ছোড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে গতকাল রাতে ইরানের বিরুদ্ধে নতুন কোনো মার্কিন হামলার তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই আজ আবারও কুয়েতে ড্রোন ও মিসাইল হামলা চালাল ইরান।