সরকার ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান

মুক্তমন রিপোর্ট : ভূমিকম্পের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

তিনি বলেছেন, ভূমিকম্প কোনো পূর্বাভাস দিয়ে আসে না। হঠাৎ ভূমিকে কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে থাকায় আগে থেকেই প্রস্তুতি নিশ্চিত করতে হবে, যাতে দুর্যোগের পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো হবে।

আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে বিভিন্ন সময়ে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগে মানুষের দুর্ভোগ কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ মানুষকে দক্ষ, পারঙ্গম ও দায়িত্ব পালনে সক্ষম করে তোলে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই মানবতার সেবায় এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।