মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাইয়ে ৭০ লাখ ১০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে জুতা, ব্যাগ ও লাগেজশিল্পের উপকরণ তৈরির কারখানা স্থাপন করছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি নিউ মেটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড। নতুন এ কারখানায় প্রায় ২০০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উৎপাদিত পণ্য দেশের রপ্তানিমুখী জুতা শিল্পের পাশাপাশি ভারত ও কম্বোডিয়ার বাজারেও সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে কারখানা স্থাপনের জন্য জমি ইজারা চুক্তি স্বাক্ষর করে কেপিএসটি ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং কেপিএসটির পরিচালক ঝাং ইউগুও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেপজা সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ ৭ হাজার ২০০ বর্গমিটার জমিতে কারখানাটি স্থাপন করা হবে। এখানে জুতার বিভিন্ন উপকরণ, ব্যাগ ও লাগেজের সামগ্রী এবং কাগজ ও মুদ্রণসামগ্রী উৎপাদন করা হবে।
কারখানাটি পূর্ণ উৎপাদনে গেলে বছরে ১ কোটি ১০ লাখ জোড়া ফুটওয়্যার এক্সেসরিজ, ২৪ হাজার ঘনমিটার ফোম, ২ লাখ কাটিং বোর্ড এবং আড়াই লাখ কাটিং ডাইস ও মোল্ড তৈরির সক্ষমতা গড়ে উঠবে। পাশাপাশি জুতা উৎপাদনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় উপকরণও তৈরি করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব উপকরণের স্থানীয় উৎপাদন বাড়লে দেশের রপ্তানিমুখী জুতা শিল্পের কাঁচামাল ও উপকরণ সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ভারত ও কম্বোডিয়ার বাজারে পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে।
বাংলাদেশে কেপিএসটির এটি দ্বিতীয় কারখানা স্থাপনের উদ্যোগ। একই মালিকানাধীন প্রতিষ্ঠান কেপিএসটি সুজ (বিডি) কোম্পানি লিমিটেড মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ থেকে প্রথম রপ্তানি কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ২০২৩ সালের নভেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেপিএসটির পরিচালক ঝাং ইউগুও বলেন, প্রথম কারখানায় উৎপাদিত পণ্যের ধারাবাহিক চাহিদা এবং নতুন ক্রয়াদেশ বাড়ায় একই অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগের পরিবেশ বিবেচনা করে বেপজাকে ব্যবসা সম্প্রসারণের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে কেপিএসটির আস্থাকে তাঁরা স্বাগত জানান।
Muktomon/TA