ওকাফোরের হ্যাটট্রিক, আবাহনীর ৫-১ গোলের জয়

বাংলাদেশ ফুটবল লিগে সিটি ক্লাবের হয়ে হ্যাটট্রিক করা ওনিয়েকেচি ওকাফোর
বাংলাদেশ ফুটবল লিগে সিটি ক্লাবের হয়ে হ্যাটট্রিক করা ওনিয়েকেচি ওকাফোর

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ ফুটবল লিগের চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা মিলেছে। সিটি ক্লাবের জার্সিতে ওনিয়েকেচি ওকাফোর সাবেক ক্লাব ফর্টিস এফসির বিপক্ষে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তবে তাঁর দল দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।

শনিবার (৩ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ওকাফোর ১৯ মিনিটের মধ্যে দুটি গোল করে সিটি ক্লাবকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। পরে মোহাম্মদ ইব্রাহিম একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে এষা জাল্লো গোল করে ফর্টিসকে সমতায় ফেরান।

এরপর ৫৪তম মিনিটে নিজের তৃতীয় গোল করে সিটি ক্লাবকে আবারও এগিয়ে দেন ওকাফোর। তবে ৬৯তম মিনিটে জাপানি মিডফিল্ডার নোরিকি আকাদা গোল করলে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচটি।

আবাহনীর বড় জয়

চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৫-১ গোলে হারিয়ে চলতি লিগে প্রথম জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ম্যাচের শুরুতেই চার মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি ওকাচি। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পাকিস্তানি ফরোয়ার্ড মো. মঈন আহমেদ।

১৪তম মিনিটে জাহিদ হোসেনের গোলে ব্যবধান কমায় ঢাকা ওয়ান্ডারার্স। তবে ৩৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন মাইকেল বাবাতুন্দে।

দ্বিতীয়ার্ধে ৭৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওকাচি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আল-আমিন গোল করলে ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় আবাহনীর। এই জয়ে দুই ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে চার।

আরামবাগ-রহমতগঞ্জ ম্যাচও ড্র

দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জ পুরোনো স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ২-২ গোলে ড্র করেছে।

রহমতগঞ্জের হয়ে সেনেগালিজ ফরোয়ার্ড ইব্রাহিমা সেনে দুটি গোল করেন। আরামবাগের হয়ে রইস সুরাজ ও মোহাম্মদ রকি একটি করে গোল করেন।

দুই ম্যাচ শেষে বাংলাদেশ পুলিশ এফসি ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আবাহনী, ফর্টিস ও সিটি ক্লাবের সংগ্রহ চার পয়েন্ট করে।

Muktomon/TA