বিবিএলে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

বিগ ব্যাশে খেলার জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছেড়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান
বিগ ব্যাশে খেলার জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছেড়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান

মুক্তমন রিপোর্টার : অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সুযোগ পেতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। এখন থেকে আংশিক চুক্তির আওতায় নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলবেন তিনি।

নতুন চুক্তির ফলে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার বাধ্যবাধকতা থাকছে না চ্যাপম্যানের। এতে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিজের সুবিধামতো অংশ নেওয়ার সুযোগ পাবেন এই অলরাউন্ডার।

মূলত আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিবিএলে খেলার লক্ষ্যেই চ্যাপম্যানের এই সিদ্ধান্ত। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মৌসুমের সঙ্গে একই সময়ে বিবিএল অনুষ্ঠিত হওয়ায় পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তিতে থাকলে তাঁর জন্য লিগটিতে খেলা কঠিন হয়ে পড়ত।

আংশিক চুক্তিতে থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের তালিকায় এবার চ্যাপম্যানও যুক্ত হলেন। ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টের মতো ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুযোগ ও সময় অনুযায়ী খেলতে বোর্ডের সঙ্গে এমন চুক্তিতে রয়েছেন।

তবে নিউজিল্যান্ড জাতীয় দলের প্রতি চ্যাপম্যানের দায়িত্বে কোনো পরিবর্তন আসছে না। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজে জাতীয় দলের হয়ে খেলবেন তিনি। এরপরই বিবিএলে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে চ্যাপম্যান নিউজিল্যান্ড ক্রিকেটের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও নিজের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

চ্যাপম্যান পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি ছেড়ে দেওয়ায় নিউজিল্যান্ডের চুক্তির তালিকায় একটি জায়গা খালি হয়েছে। সেই জায়গায় দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে পূর্ণকালীন চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে এনজেডসি।

নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন ফিশারের অন্তর্ভুক্তিকে দলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। সামনে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থাকায় পেস বোলিংয়ের গভীরতা বাড়াতে ফিশারের গতি ও সামর্থ্য কাজে আসবে বলে মনে করছেন তিনি।

ফলে একদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের সুযোগ বাড়াতে চ্যাপম্যান নতুন চুক্তিতে গেলেন, অন্যদিকে তাঁর ছেড়ে দেওয়া জায়গায় জাতীয় দলের ভবিষ্যৎ পেস আক্রমণকে শক্তিশালী করার পথে হাঁটল নিউজিল্যান্ড।