মুক্তমন রিপোর্ট : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান ও চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি আশা প্রকাশ করেছেন, অ্যানেসথেসিয়া সংকটের সমাধান হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
আইসিইউ বেড চালুর বিষয়ে মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। অ্যানেসথেসিয়া সংকটের কারণে এতদিন কিছু বেড চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে অ্যানেসথেসিয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাসপাতালের জনবল সংকট প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট দেশের অন্যতম বড় সমস্যা। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও সেবার চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
হাসপাতালের সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে জনগণের জন্য একটি মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সবার সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যেই হাসপাতালে আরও নতুন সেবা চালু ও অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হবে।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।