তৃণমূলে নারী হকির বিকাশে কুমিল্লায় বিশেষ কর্মসূচি

কুমিল্লায় ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান
কুমিল্লায় ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান

মুক্তমন রিপোর্ট : তৃণমূল পর্যায়ে নারী হকির বিকাশ ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে আয়োজিত ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর কুমিল্লা জেলার প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেয়েদের হকিতে উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বদরুল হুদা (জেনু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য আশরাফুল আলম। এ ছাড়া স্থানীয় ক্রীড়াঙ্গন ও বাংলাদেশ হকি ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমদাদুল হক ইমদু, ব্র্যাক ব্যাংকের কোসাইতলী শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক মো. তারিক উজ্জামান নান্নু, কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন এবং সাবেক জেলা হকি খেলোয়াড় মোফাজ্জল হোসেন ও নাসিম আহমেদ।
সভাপতির বক্তব্যে বদরুল হুদা (জেনু) বলেন, নারীদের হকিতে এগিয়ে নিতে ব্র্যাক ব্যাংক ও হকি ফেডারেশনের যৌথ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ থেকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য অনেক দক্ষ নারী হকি খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তৃণমূল পর্যায়ে নারী হকির বিকাশে এ উদ্যোগের প্রশংসা করেন। পরে অংশগ্রহণকারী নারী হকি খেলোয়াড়দের মধ্যে হকি সরঞ্জাম বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Muktomon/TA