বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মকবুল হোসেন : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩০তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) ব্যবস্থাপনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জিটিআই শ্রেণিকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

জিটিআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. সবুজ রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। তিনি কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে হালনাগাদ রাখতে প্রশিক্ষণ ও ধারাবাহিক শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বহুমুখী কাজে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি ৩০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে দেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

Muktomon/TA