মুক্তমন রিপোর্টার : শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমান বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা কঠিন।
তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম ভিশন হচ্ছে দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের উদ্যোগে সাংবাদিক ও তাঁদের সন্তানদের মধ্যে ‘শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুজিবুর রহমান বলেন, সন্তানদের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করতে হলে আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণ ও মানবিক সেবায় নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের সভাপতিত্ব করেন। এতে ১৪ জন সাংবাদিক ও তাঁদের সন্তানদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা নগদ বৃত্তি ও সনদপত্র দেওয়া হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. শানুর আলী মামুন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে ওয়েল ফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের অন্যান্য গোল্ডেন, সিলভার ও জেনারেল মেম্বারদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।
ওয়েল ফেয়ার ফান্ডের ট্রেজারার তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নুরুল ইসলাম, সুজিত দেব, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম ও মো. জাহান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুজিবুর রহমানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশিপ সার্টিফিকেট দেওয়া হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণ এবং বিশ্বনাথে মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে গত বছর ৫০ লাখ টাকা মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের যাত্রা শুরু হয়।
তাঁদের দাবি, ১৩ দিনের প্রচারণায় ৫১ লাখ ২১ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। এর মধ্যে প্রতিশ্রুত অর্থের প্রায় এক-তৃতীয়াংশ ফান্ডের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা হয়েছে। ওই মূলধন থেকে অর্জিত মুনাফার ৮০ শতাংশ দিয়ে প্রথমবারের মতো শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।