বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি কর্তৃক হকি লীগ উদ্বোধন

ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লীগ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান
ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লীগ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান

 

মুক্তমন রিপোর্ট : দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে দেশের ঘরোয়া হকি। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লীগ-২০২৬-এর উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ঘরোয়া হকি লীগ নিয়মিত আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বিমান বাহিনী প্রধান হকির ঘরোয়া প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজনের জন্য ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। খেলোয়াড়দের ফেয়ার প্লে ও শৃঙ্খলা বজায় রেখে খেলার নির্দেশনাও দেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে লীগের উদ্বোধন ঘোষণা করেন।

প্রথম বিভাগ হকি লীগ-২০২৬-এ অংশ নিচ্ছে ১১টি ক্লাব। এগুলো হলো—ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি ও ঢাকা ইয়াং স্টার ক্লাব।

দীর্ঘদিন পর ঘরোয়া লীগ মাঠে ফেরায় খেলোয়াড় ও হকিপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তা, অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA