রহস্যময় চরিত্রে ইয়াশ রোহান, সঙ্গে নাজনীন নীহা

‘তোমার পরে তুমি’ নাটকে রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।
‘তোমার পরে তুমি’ নাটকে রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

মুক্তমন রিপোর্ট : ভিন্নধর্মী ও রহস্যময় এক চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসছেন অভিনেতা ইয়াশ রোহান। বিশেষ নাটক ‘তোমার পরে তুমি’-তে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী নাজনীন নীহা। নাটকের গল্পে ইয়াশের চরিত্রের অপ্রত্যাশিত উপস্থিতি নীহার অভিনীত সারার জীবনে নিয়ে আসে নাটকীয় পরিবর্তন।

নাটকের গল্পে দেখা যায়, জীবনের এক কঠিন ও অন্ধকার মুহূর্তে দাঁড়িয়ে চরম একটি সিদ্ধান্ত নিতে উদ্যত হয় সারা। ঠিক তখনই তার সামনে হাজির হয় সজল নামের এক অপরিচিত যুবক। তার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল।

সজলের অপ্রত্যাশিত আগমনে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে সারা। এতদিন পোষা বিড়ালটিই ছিল সজলের সার্বক্ষণিক সঙ্গী। ঘটনাক্রমে সেই জীবনে যুক্ত হয় সারা। এক অপরিচিত যুবকের হাত ধরে সে খুঁজে পায় বেঁচে থাকার নতুন দিশা। এভাবেই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

নাটকে রহস্যময় সজল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আর সারার ভূমিকায় রয়েছেন নাজনীন নীহা।

রাসেল পারভেজের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। ইয়াশ ও নীহার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখ। এই প্রথম তিন অভিনয়শিল্পীকে একই নাটকে একসঙ্গে দেখা যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই মুক্তি পাবে ‘তোমার পরে তুমি’।

নাটকটিতে রোমান্টিক আবহ তৈরি করতে যুক্ত করা হয়েছে ‘তোমার পিছু’ শিরোনামের একটি গান। নাজির মাহমুদের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান গায়ক রিয়াদ।

Muktomon/TA