ডাবলিনে বাংলাদেশ দূতাবাস চালু

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন শহরের দৃশ্য
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন শহরের দৃশ্য

মুক্তমন রিপোর্ট : আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) শহরটির বলসব্রিজ কূটনৈতিক অঞ্চলের আলেকজান্দ্রা হাউসে অস্থায়ী চ্যান্সারি অফিসে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়ারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম বৃহস্পতিবার মিশনে যোগদান করেছেন। তিনি শিগগিরই দেশটির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন।

দূতাবাস জানায়, বর্তমানে আয়ারল্যান্ডে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের সেবা দেওয়ার লক্ষ্যে পরবর্তী সময়ে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনসুলার সেবা চালু করা হবে।

ডাবলিনে দূতাবাসের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য সরাসরি কূটনৈতিক ও কনসুলার সেবা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।