মুক্তমন রিপোর্ট : আওয়ামী লীগকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি দলটিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে দাবি করেছেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, বিএনপি জনগণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। এখন দলের প্রধান দায়িত্ব সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সবাইকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি শ্রমিক ও নারীদের অধিকার রক্ষাসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির অতীতের কর্মকাণ্ড জনগণ প্রত্যাখ্যান করেছে। বর্তমান কর্মকাণ্ডও মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।
সাঈদ আল নোমান আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণে কাজ করতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। মানুষের সেবা ও জনকল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাগরিকা মোড় পর্যন্ত যায়।
সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপির নেতা।
Muktomon/TA