চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

 চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি
চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি

অরুণ কুমার সরকার : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাগেরহাটের চিতলমারীতে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি, মশক নিধন স্প্রে ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ থেকে চিতলমারীকে সুরক্ষিত রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

Muktomon/TA