ঝিনাইদহে পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ

শৈলকুপার চড়িয়ার বিল বাজারে জব্দ করা ডিএপি ও টিএসপি সার
শৈলকুপার চড়িয়ার বিল বাজারে জব্দ করা ডিএপি ও টিএসপি সার

মুক্তমন রিপোর্টার : শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে সারগুলো জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ভ্যানে করে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার শৈলকুপার ফুলহরি গ্রামের দিকে নেওয়া হচ্ছিল। চড়িয়ার বিল বাজারে পৌঁছালে স্থানীয় কৃষকদের সন্দেহ হলে তারা ভ্যানটি আটক করে পুলিশ ও কৃষি বিভাগকে খবর দেন।

পরে মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় সারগুলো জব্দ করেন। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ জানান, সারগুলোর মালিকানা নিশ্চিত না হওয়ায় তা বিক্রি করা হয়েছে। বিক্রি থেকে পাওয়া ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তবে ফুলহরি গ্রামের সাব-ডিলার বিল্লাল হোসেন দাবি করেছেন, জব্দ করা সার তার নয়। অন্য কোনো বিল্লালের হতে পারে এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।