দুই বিদেশ সফরেই নির্বাচকহীন বাংলাদেশ, বিসিবির নতুন নীতি

মিরপুরে অনুশীলনে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ক্রিকেটাররা
মিরপুরে অনুশীলনে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ক্রিকেটাররা

মুক্তমন রিপোর্ট : আসন্ন দুই বিদেশ সফরে জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো নির্বাচক থাকছেন না। বাংলাদেশ নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে, আর পুরুষ ক্রিকেট দল খেলবে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে।

বর্তমানে মিরপুরে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসসহ দলের ক্রিকেটাররা আসন্ন সিরিজের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল বর্তমানে জাপানে অবস্থান করছে।

এশিয়ান গেমসের প্রতিযোগিতা শেষে দেশে ফিরেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা নারী দলের। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

অন্যদিকে পুরুষ দলের পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

তবে আসন্ন দুই সফরের কোনোটিতেই জাতীয় দলের সঙ্গে বিসিবির কোনো নির্বাচক যাচ্ছেন না। এর আগে দেশে কিংবা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজে দলের সঙ্গে অন্তত একজন নির্বাচকের উপস্থিতি দেখা যেত। এবার সেই প্রথায় পরিবর্তন আসছে।

বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, এখন থেকে প্রতিটি সিরিজে নিয়মিতভাবে নির্বাচকদের সফরে পাঠানো হবে না। সিরিজের গুরুত্ব ও প্রয়োজন বিবেচনা করে নির্বাচকদের সফরসঙ্গী করার সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচকদের সফরে না পাঠানোর এই সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় দলের সফর ব্যবস্থাপনায় বিসিবির নীতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আসন্ন দুই সিরিজ থেকেই নতুন এই পদ্ধতির কার্যকর প্রয়োগ দেখা যাবে।

Muktomon/TA