মুক্তমন রিপোর্ট : আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় ভিলেন চরিত্রকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘ক্লেফেইস’। শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্বজুড়ে মুক্তির সঙ্গে একই দিনে ছবিটি দর্শকদের জন্য নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।
জেমস ওয়াটকিন্স পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক ও এডি মারসনসহ একঝাঁক তারকা। প্রচলিত সুপারহিরো অ্যাকশনের বাইরে মনস্তাত্ত্বিক আতঙ্ক ও বডি হরর ঘরানায় নির্মিত হয়েছে ছবিটি।
ব্যাটম্যানের কমিক জগতের পরিচিত চরিত্র ক্লেফেইসের বিশেষ ক্ষমতা হলো, সে নিজের শরীরকে কাদার মতো পরিবর্তন করতে পারে এবং অন্য মানুষের চেহারাও ধারণ করতে পারে। এই অস্বাভাবিক ক্ষমতাকে ঘিরেই সিনেমার গল্পে উঠে এসেছে পরিচয় সংকট, শারীরিক রূপান্তর ও প্রতিশোধের বিষয়গুলো।
ছবির কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা। গোথাম থেকে হলিউডে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেতার জীবন হঠাৎ বদলে যায় অপরাধী চক্রের হামলায় মুখমণ্ডল বিকৃত হওয়ার পর। এতে তার অভিনয়জীবন, ব্যক্তিগত সম্পর্ক ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
হারানো সৌন্দর্য ফিরে পেতে ম্যাট একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার আশ্রয় নেন। চিকিৎসায় আগের চেহারা ফিরে পেলেও এর ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়ায় তার শরীর ও মানসিক অবস্থায় পরিবর্তন দেখা দেয়। একপর্যায়ে প্রতিশোধের আকাঙ্ক্ষা তার জীবনের প্রধান চালিকাশক্তি হয়ে ওঠে।
সাধারণ সুপারহিরো গল্পের পরিবর্তে ‘ক্লেফেইস’-এ গুরুত্ব পেয়েছে মনস্তাত্ত্বিক আতঙ্ক, শরীরের অস্বাভাবিক রূপান্তর এবং বৈজ্ঞানিক গবেষণার অন্ধকার দিক। ভিজ্যুয়াল ইফেক্টস ও মেকআপের ব্যবহারও সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে।
বিশ্বমুক্তির আগে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত প্রিমিয়ার ও ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশের দর্শকরাও এখন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।
সূত্র : ঢাকা পোস্ট
Muktomon/TA