পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোড হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

পল্টন থেকে গুলিস্তান পর্যন্ত সড়ক দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শন করছেন ডিএসসিসি প্রশাসক
পল্টন থেকে গুলিস্তান পর্যন্ত সড়ক দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শন করছেন ডিএসসিসি প্রশাসক

মুক্তমন রিপোর্ট : রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত সড়ক পরিদর্শনে যান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তারা নিজেরাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন। সবার সহযোগিতায় ফুটপাত ও সড়কে নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে চায় ডিএসসিসি।

ডিএসসিসি প্রশাসক জানান, রমনা ভবন সংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিয়ম অনুযায়ী নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যত্রতত্র হকার বসে জনভোগান্তি সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে প্রশাসক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রশাসক এক ঘণ্টারও বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম তদারকি করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকেও ওই এলাকায় ডিএসসিসির দখলমুক্তকরণ অভিযান চলছিল বলে প্রতিবেদনে জানা গেছে।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA