শেখ সুমন : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আরও জোরদার রাখতে পুলিশ প্রশাসনকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বন্দর থানা পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। এ সময় থানার পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিক কুচকাওয়াজের মাধ্যমে তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসি ম্যাজিস্ট্রেট ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। এছাড়া বন্দর থানার পরিদর্শক মো. জামাল উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকতা শেষে জেলা প্রশাসক বন্দর থানার সার্বিক কার্যক্রম এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার পরিদর্শক মো. জামাল উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অপরাধ নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো মূল্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, অপরাধ দমনে পুলিশের কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ সময় বন্দর থানার পরিদর্শক মো. জামাল উদ্দিনের বিচক্ষণতা, যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্ব পালনে তাঁর কার্যকর ভূমিকার প্রশংসা করেন জেলা প্রশাসক। তিনি থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্দর উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে পুলিশের চলমান বিভিন্ন কার্যক্রম ও সাফল্য সম্পর্কে জেলা প্রশাসককে বিস্তারিত অবহিত করেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Muktomon/TA