মুক্তমন রিপোর্ট : নতুন ভিশন লিমিটেড ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার আদালতে প্রতারণার মামলা হয়েছে। সাবেক কর্মস্থলের পাওনা অর্থ পরিশোধ না করার অভিযোগে আইনজীবী মো. সুলতান মাহমুদ মামলাটি করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি বাদীপক্ষের আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন—নতুন ভিশন লিমিটেডের পরিচালক ও পিএইচপি পরিবারের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, প্রকাশক ড. খন্দকার শওকত হোসেন, সাবেক সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার এবং পত্রিকাটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুসা আহামেদ।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০০৬ সালের ১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি দৈনিক আমাদের সময়ের রিপোর্টিং ও সম্পাদকীয় বিভাগে কাজ করেন। চাকরি ছাড়ার পর তার প্রাপ্য পাওনা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বাদীর দাবি, তার হিসাব অনুযায়ী চাকরি ছাড়ার সময় ১৫ লাখ ৫৯ হাজার ৬২৫ টাকা পাওনা ছিল। বিভিন্ন সময়ে পাওনা পরিশোধের জন্য যোগাযোগ করেও তিনি অর্থ পাননি বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, সর্বশেষ গত ১৫ আগস্ট পত্রিকাটির সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন বাদী। তবে তখনও পাওনা পরিশোধের বিষয়ে সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
পাওনা অর্থ পরিশোধ না করার অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।
Muktomon/TA