১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল

‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।
‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

মুক্তমন রিপোর্ট : বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। ২০১১ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান অভিনীত ছবিটির সিক্যুয়েল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, তিনি ‘দ্য ডার্টি পিকচার টু’ নির্মাণের পরিকল্পনা করছেন। তবে নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, কারা থাকছেন কলাকুশলী হিসেবে কিংবা কবে সিনেমাটি মুক্তি পাবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানাননি তিনি।

একতা কাপুরের ভাষ্য, নতুন সিক্যুয়েলের জন্য তাঁর কাছে একটি শক্তিশালী গল্প রয়েছে, যা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে তিনি আগ্রহী।

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পায় ‘দ্য ডার্টি পিকচার’। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন বিদ্যা বালান। তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা পায়। ছবিতে আরও ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।

সিল্ক স্মিতার জীবন, ব্যক্তিস্বাধীনতা এবং প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির বাইরে নিজের মতো করে বেঁচে থাকার গল্প উঠে এসেছিল সিনেমাটিতে। মুক্তির পর ছবিটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনার খবর প্রকাশ্যে এলেও নতুন ছবিতে বিদ্যা বালান ফিরছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। একইভাবে ছবিটির নির্মাণকাজ শুরুর সময় ও মুক্তির তারিখও জানানো হয়নি।

Muktomon/TA