মুক্তমন রিপোর্ট : জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা যথাযথভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দলের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহমানের বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছিল। তবে তাঁর মতে, সেই বক্তব্যে দেশের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকারের দলীয় ইশতেহার ও ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন কর্মসূচির বিষয় গুরুত্ব পেয়েছে। এসব কর্মসূচির বাস্তবায়ন নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে অনিয়মের অভিযোগ করেন।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে রাজনৈতিকভাবে আলোচনা ও সমালোচনা হতে পারে। তবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বর্তমান সংকট ও বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয় বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা উচিত ছিল বলে তিনি মনে করেন।
জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবের কারণে বাংলাদেশ জ্বালানি সংকটে পড়ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তাঁর মতে, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়ার বিষয়টি জাতিসংঘে আরও স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন ছিল।
তিনি আরও বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থান ও সেখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগের বিষয়েও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ ছিল। এ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থা নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন বিষয়ও আলোচনায় আনা যেত বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম দেশের অর্থনৈতিক সংকটের কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, বৈশ্বিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন ও প্রত্যাশাগুলো জাতিসংঘে যথাযথভাবে তুলে ধরা হয়নি। এ কারণে প্রধানমন্ত্রীর সফর থেকে জনগণের জন্য কী অর্জন হয়েছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তাঁর বক্তব্যে বৈশ্বিক শান্তি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক পুনর্গঠন ও বাংলাদেশের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ বা ৩-আর কৌশলের বিষয়গুলো উঠে আসে।
Muktomon/TA