সরকারি আবাসন পরিদপ্তরের অনলাইন বাসা বরাদ্দের ফলাফল কার্যক্রমের উদ্বোধন

সরকারি বাসা বরাদ্দের অনলাইন ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
সরকারি বাসা বরাদ্দের অনলাইন ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মুক্তমন রিপোর্ট : সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতি বাড়াতে অনলাইনে ফলাফল প্রকাশ কার্যক্রম চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর ফলে বরাদ্দপ্রত্যাশীরা ঘরে বসেই অনলাইনে বাসা বরাদ্দের ফল জানতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী জাকারিয়া তাহের।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে সরকারি বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে আবেদন জমা পড়ে ৫৯৬টি।

আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বাতিল করা হয় ২৫৪টি আবেদন।

উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবা সহজীকরণ সরকারের অঙ্গীকার। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে।

আগে সরকারি বাসা বরাদ্দের কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। নতুন ব্যবস্থায় প্রযুক্তির মাধ্যমে বরাদ্দ কার্যক্রম স্বয়ংক্রিয় করা হয়েছে। অনলাইনে ফলাফল প্রকাশের ফলে বরাদ্দপ্রত্যাশীদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি তথ্যপ্রাপ্তি, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Muktomon/TA