সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

মুক্তমন রিপোর্ট : সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়

মির্জা আব্বাসের দেশে ফেরাকে ঘিরে বুধবার সন্ধ্যার পর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।

রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। এ সময় অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের দেশে ফেরাকে ঘিরে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাকে স্বাগত জানানোর পাশাপাশি দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতে চান তারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ইমাম শরিফ বাবু বলেন, ‘মির্জা আব্বাস আমাদের অনুভূতির নাম। দলের দুঃসময়ে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারি। দীর্ঘদিন পর তিনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন। আমরা তাকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছি।’

তুরাগ থানা যুবদল নেতা মামুন বলেন, ‘মির্জা আব্বাস আমাদের দলের একজন প্রবীণ ও জনপ্রিয় নেতা। তাকে স্বাগত জানাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছি। তার আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, মির্জা আব্বাসের প্রতি নেতাকর্মীদের যে ভালোবাসা ও আস্থা রয়েছে, বিমানবন্দরে তাদের উপস্থিতিই তার প্রমাণ। তার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।

দীর্ঘ চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরলেন বিএনপির এই প্রবীণ নেতা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।