বিএনপিকে ব্যর্থ প্রমাণে ষড়যন্ত্র চলছে : এমপি এনামুল হক

পটিয়ায় বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য এনামুল হক এনাম
পটিয়ায় বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য এনামুল হক এনাম

মুক্তমন রিপোর্ট : সরকারের ভেতরে থাকা ফ্যাসিস্টদের লোকজন বিএনপিকে জনগণের সামনে ব্যর্থ প্রমাণ করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এনামুল হক এনাম বলেন, বিএনপিকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, ওই সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। সরকারকে ক্ষমতা থেকে সরানো না হলে শিক্ষাব্যবস্থার আরও অবনতি হতো বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রীকে শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারে শিক্ষাবান্ধব ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন। দেশের শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে এনামুল হক বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তাঁর অভিযোগ, এই সংকটকে পুঁজি করে ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে দেশবিরোধী শক্তিরাও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. এ কে এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এনামুল হক এনাম।

Muktomon/TA