শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন : শামা

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শামা ওবায়েদ ইসলাম
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শামা ওবায়েদ ইসলাম

মুক্তমন রিপোর্ট : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান এক সাংবাদিক। জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয় রয়েছে। পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন।

তিনি বলেন, আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়, ভারত সরকার সেদিকে নজর দেবে বলে বাংলাদেশ আশা করে।

প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে গুঞ্জন নাকচ

এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনও নাকচ করেছেন শামা ওবায়েদ।

প্রধানমন্ত্রী সান ফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতার কারণে যেতে পারেননি—এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়। গণমাধ্যমকর্মীদের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে তিনি দেশে ফিরেছেন।

প্রতিমন্ত্রী জানান, সান ফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। সেখানে আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তাঁর সমন্বয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল।

শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাবনা

যুক্তরাষ্ট্র সফরে ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

এ ছাড়া হাই-টেক কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে এর সুফল পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য তুরস্ক সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পরিকল্পনা রয়েছে। তবে সফরের সময় ও স্থান পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

Muktomon/TA