বিদায় নিচ্ছে কফি উইথ করণ নবম সিজনই শেষ

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে করণ জোহর
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে করণ জোহর

মুক্তমন রিপোর্ট : বলিউডের জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ নিয়ে এলো বিদায়ের খবর। দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে অনুষ্ঠানটির আসন্ন নবম সিজনই শেষ সিজন হতে যাচ্ছে বলে জানিয়েছেন এর সঞ্চালক ও নির্মাতা করণ জোহর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় শোটির সমাপ্তির বিষয়টি নিশ্চিত করেন করণ।

বিদায়বার্তায় করণ বলেন, কিছু সফর নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী শেষ করতে হয় না। তবে একসময় মনে হয়, বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। শেষ মৌসুমে কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে সেই তারকাদের সঙ্গে শেষবারের মতো কফির আড্ডায় বসতে চান তিনি, যারা অনুষ্ঠানটিকে জনপ্রিয় করে তুলেছেন।

করণ জোহর জানান, ২০০৪ সালে তিনি প্রথম তার বাবা ও চলচ্চিত্র প্রযোজক যশ জোহরের কাছে এই টক শো আয়োজনের ইচ্ছার কথা বলেছিলেন। পরিকল্পনা ছিল দুজন তারকাকে মুখোমুখি বসিয়ে তাদের সঙ্গে খোলামেলা আড্ডা দেওয়া। তবে ছেলের এই পরিকল্পনা শুনে যশ জোহর মজা করে প্রশ্ন করেছিলেন, বন্ধুদের ডেকে গল্প করলেই এর জন্য কে টাকা দেবে।

২০০৪ সালে যাত্রা শুরু করা ‘কফি উইথ করণ’ ইতোমধ্যে আটটি সিজনে ১৬১টি পর্ব প্রচার করেছে। আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে শুরু হবে অনুষ্ঠানটির নবম ও শেষ সিজনের স্ট্রিমিং।

Muktomon/TA