আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার বিমানবন্দরে আটকা পড়েছেন হাজারো যাত্রী
অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার বিমানবন্দরে আটকা পড়েছেন হাজারো যাত্রী

মুক্তমন রিপোর্ট : ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টাসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

সোমবারও এসব বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বন্ধ রয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে ১ হাজার ৫৫৮টি ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি গত শুক্রবার রাতে সক্রিয় হয়ে ওঠে। এরপর আগ্নেয়গিরি থেকে লাভা, গ্যাস ও ছাই নির্গত হতে থাকে। রোববারও সেখানে দুই দফা অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আটকা পড়া যাত্রীদের বেশিরভাগই সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী বা এসব রুট থেকে আসা যাত্রী।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগনাদি জানান, পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ার তথ্য পাওয়ার পর বিমান চলাচল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আটকা পড়া যাত্রীরা চাইলে টিকিটের পুরো অর্থ ফেরত পাবেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে যাত্রীদের দ্রুত তা জানানোর জন্য বিমান সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।