আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিচ্ছে ইসরায়েল, অভিযোগ কাতারের

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি

মুক্তমন রিপোর্টার : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত এবং আঞ্চলিক উত্তেজনাকে কাজে লাগিয়ে ইসরায়েল বিভিন্ন দেশে প্রাণঘাতী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে কাতার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দোহার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ অভিযোগ করেন।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালির সংকট নিরসনে ওমান ও পাকিস্তানসহ অংশীদার দেশগুলোর সঙ্গে কাতারের আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মাজেদ আল-আনসারি বলেন, হরমুজ প্রণালি ঘিরে তৈরি সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোতেই সীমাবদ্ধ থাকবে না; বরং এর কারণে ব্যাপকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে।

শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধান এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালু করার লক্ষ্যে কাতার তার অংশীদারদের সঙ্গে কাজ করছে বলে জানান তিনি।

কাতারের এই মুখপাত্র বলেন, হরমুজ প্রণালির সংকট অমীমাংসিত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্ব দিচ্ছে দোহা।

আঞ্চলিক অস্থিরতার সুযোগ নিয়ে ইসরায়েল যেন ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডে নিজেদের পছন্দের নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা না করে—এ বিষয়ে সতর্ক করেছে কাতার।

মাজেদ আল-আনসারি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির সুযোগ নিয়ে ইসরায়েলি বাহিনীর উচিত নয় ফিলিস্তিনি, লেবানিজ ও সিরীয় ভূখণ্ডে নতুন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা।

তার বক্তব্যে আঞ্চলিক সংকট আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার বিষয়টিও উঠে আসে।

কাতার বলছে, বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনা আরও বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট মোকাবিলা করা প্রয়োজন। হরমুজ প্রণালি সচল করা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে দেশটি অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে।