নবমীতে কাজলের ছোট্ট কাণ্ড, সামাজিক মাধ্যমে প্রশংসা

 দুর্গাপূজার নবমীতে নীল শাড়িতে বলিউড অভিনেত্রী কাজল দেবগন।
দুর্গাপূজার নবমীতে নীল শাড়িতে বলিউড অভিনেত্রী কাজল দেবগন।

মুক্তমন রিপোর্ট : বলিউড অভিনেত্রী কাজল দেবগনের একটি সাধারণ আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা যায় তাঁকে। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেক ভক্তই কাজলের এই স্বাভাবিক আচরণের সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন।

ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্প করছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতেই হাত মুছে নেন তিনি। আর এই দৃশ্যই নজর কেড়েছে নেটিজেনদের।

বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজলের জন্ম বাঙালি পরিবারে হলেও বেড়ে ওঠা মুম্বাইয়ে। তাঁর এই আচরণে বাঙালিয়ানার ছাপ খুঁজে পেয়েছেন অনেকে।

মুম্বাইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনেও বাঙালি সংস্কৃতির প্রভাব দেখা যায়। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজপোশাকেও থাকে সেই ছোঁয়া। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে দেখা যায় তাঁকে।

ভিডিওটি দেখে কেউ কেউ কাজলকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার অনেকে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’ তারকার এমন সহজ-স্বাভাবিক আচরণই ভক্তদের কাছে তাঁকে আরও আপন করে তুলেছে।

Muktomon/TA