মুক্তমন রিপোর্ট : রেফারিদের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। তবে এ নিয়ে বিস্তারিত আলোচনা এড়িয়ে গেছেন তিনি। একই সঙ্গে দলের মাঝমাঠের গঠন ও নতুন খেলোয়াড়ের প্রয়োজনীয়তা নিয়েও সরাসরি কোনো মন্তব্য করেননি এই ফুটবলার।
চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে কথা বলেন চুয়ামেনি। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের পর রেফারিদের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না। আমরা খুব হতাশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ম্যাচটি জিতেছি।’
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট রিয়াল শিবির। দলের কোচের বক্তব্যেও এ নিয়ে ক্ষোভের ইঙ্গিত পাওয়া গেছে। তবে অতীতের ঘটনা নিয়ে পড়ে না থেকে সামনের ম্যাচে মনোযোগ দেওয়ার ওপর জোর দিয়েছেন চুয়ামেনি।
রেফারিংয়ের পাশাপাশি রিয়ালের মাঝমাঠের গঠন নিয়েও প্রশ্নের মুখে পড়েন এই ফরাসি তারকা। টনি ক্রুস ও লুকা মদরিচের বিদায়ের পর মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে চলছে আলোচনা।
সমালোচকদের একাংশের মতে, বর্তমান মিডফিল্ডারদের শারীরিক সক্ষমতা ও কারিগরি দক্ষতা থাকলেও আগের মতো খেলার ছন্দ নির্ধারণ করতে পারেন—এমন সৃজনশীল খেলোয়াড়ের অভাব রয়েছে দলে।
তবে বর্তমান দলের সামর্থ্যের ওপর আস্থা রেখেছেন চুয়ামেনি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমার নিজস্ব মত আছে। এটা আপনাদের আলোচনার বিষয়। আমরা উচ্চমানের খেলোয়াড়, দলের জয়ের জন্য কাজ করি।’
মাঝমাঠে নতুন খেলোয়াড় নেওয়া প্রয়োজন কি না, সে প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি তিনি। বরং এ সিদ্ধান্ত কোচ কিংবা ক্লাবের সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন। আপাতত মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান এই ফরাসি মিডফিল্ডার।
Muktomon/TA