একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ের তথ্য, বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ

ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে ফেরাতে প্রশাসনের উদ্যোগ
ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে ফেরাতে প্রশাসনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ার তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন। তবে এসব বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

বিষয়টি জানার পর ছাত্রীদের অভিভাবকদের ডেকে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবকদের ডাকা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, জানুয়ারি থেকে ৩১ অক্টোবরের মধ্যে বিদ্যালয়টির ১১ শিক্ষার্থীর পারিবারিকভাবে মৌখিক বিয়ে হয়েছে বলে তথ্য পাওয়া যায়। পরে আরও দুই ছাত্রীর বিষয়ে তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ১৩ ছাত্রীর মৌখিকভাবে বিয়ে হয়েছে বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে। তবে কোনো বিয়ের আনুষ্ঠানিকতা বা রেজিস্ট্রি হয়নি।

তিনি জানান, কয়েকটি ক্ষেত্রে বিয়ের পরও ছাত্রীদের স্বামীদের বাড়িতে পাঠানো হয়নি; শুধু পারিবারিকভাবে বিয়ে ঠিক করে রাখা হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর প্রথমে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়। বাকি দুজনের নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। নোটিশের পর আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

তিনি আরও বলেন, অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রীদের সংসারে না পাঠিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে অভিভাবকদের বলা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের ছাত্রীদের বিষয়ে আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান এবং ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।