চট্টগ্রামের হালিশহরে ১১ টন সার জব্দ, আটক ৩

চট্টগ্রামের হালিশহরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ রাসায়নিক সার
চট্টগ্রামের হালিশহরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ রাসায়নিক সার

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের হালিশহরে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরের সময় ১১ টন রাসায়নিক সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হালিশহর থানার দবিরখাল এলাকায় অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা।

অভিযানের সময় দেখা যায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে ফিশিং বোটে রাসায়নিক সার স্থানান্তর করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা সার জব্দ করা হয়। এসব বস্তায় মোট ১১ হাজার কেজি বা ১১ টন সার ছিল।

এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার ও ট্রাক এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।