মুক্তমন রিপোর্ট : ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী হকি দল। চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।
চলতি আসরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ আশাব্যঞ্জক। চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরে এলিট গ্রুপের শক্তিশালী জাপানের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হকি খেলেছে দলটি।
পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ।
চতুর্থ কোয়ার্টারে দারুণ এক ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন কনা। শেষ দিকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই জয় বাংলাদেশের নারী হকির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। পুরো টুর্নামেন্টেই লড়াকু মানসিকতা ও উন্নত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
এদিকে এই সাফল্যের পর বাংলাদেশের সামনে উঁকি দিচ্ছে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সম্ভাবনাও। এশিয়া কাপ থেকে চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ভারত স্বাগতিক হলে পঞ্চম স্থান অর্জন করেও বাংলাদেশের বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ দলের কোচ জাহিদ হোসেন রাজু বলেন, এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা এবং অন্য দলগুলোর সংশ্লিষ্টদের কাছ থেকেও বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিষয়টি কয়েক দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
রাজুর কোচিংয়েই বাংলাদেশ নারী সিনিয়র দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। নারী হকির উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এই কোচ জুনিয়র দলের সাফল্যেও সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, চ্যালেঞ্জার গ্রুপে বাংলাদেশ সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। জাপানের বিপক্ষেও মেয়েরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলে জাপানের বিপক্ষে আরও ভালো ফল করা সম্ভব হতো বলেও মনে করেন তিনি।
মালয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের মিশন শেষ করল বাংলাদেশ। এখন পঞ্চম স্থান অর্জনের এই সাফল্য বিশ্বকাপে খেলার দরজা খুলে দেয় কি না, সেটিই দেখার অপেক্ষা।
এদিকে শনিবার বিকেলে টুর্নামেন্টে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ দল।
Muktomon/TA