মুক্তমন অনলাইন : জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণকে শান্তিতে রাখার দায়িত্ব পালনে যারা সক্ষম, তাদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানও ধ্বংসপ্রাপ্ত বলে মন্তব্য করেন তিনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, মানুষ যদি শান্তিতে ঘুমাতে না পারে, তাহলে এমন সরকারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে।
বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে শফিকুর রহমান অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। তাঁর ভাষ্য, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি এবং তাঁকে ঘিরে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আখতারুজ্জামানকে শুধু জামায়াতে ইসলামী নয়, বরং দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবেও উল্লেখ করেন। এ ঘটনাকে দেশবাসী ও প্রবাসীদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবার মান নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, কোনো মেডিকেল প্রতিষ্ঠানে মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের চোখে ধুলা দিতে একজনকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হয়েছে। তবে তিনি দল থেকে পদত্যাগ করেননি এবং তাঁকে হাতকড়া পরানো হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আখতারুজ্জামানের হাতকড়া পরানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তিনি (আখতারুজ্জামান) বলেছেন, ও ডিবি ভাই, আমাকে হাতকড়া পরান। সালাহউদ্দিন সাহেবের ইচ্ছা শতভাগ পূরণ হোক।”
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জনগণের অর্থ বিভিন্ন জায়গায় চুরি করা হলে তাঁরা আর নীরব থাকবেন না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার নিজেরা কোনো উদ্যোগ নিচ্ছে না, আবার অন্যদেরও কাজ করতে দিচ্ছে না।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, তাঁরা ডেঙ্গুকে মহামারির মতো বিবেচনা করছেন। এ কারণে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে নিজেদের পক্ষ থেকে ভূমিকা রাখার কথাও জানান তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব।” জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব পালনে সক্ষমদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।