ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধের ঘোষণা

জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ৷
জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ৷

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের দাবি বিনা প্রতিরোধে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতীয় আধিপত্যবাদ অবসানের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে খোমেনী ইহসান ভারতীয় হাইকমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, কূটনৈতিক দায়িত্বের সীমা অতিক্রম করে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ে যাতায়াত করছেন। তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক রীতিনীতির পরিপন্থি এবং বাংলাদেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননাকর।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে প্রত্যর্পণ না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশের জনগণের কাছে এটি গ্রহণযোগ্য নয়।

খোমেনী ইহসান বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের ভূখণ্ড ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করা হবে না। জাতীয় বিপ্লবী পরিষদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে বলে তাঁদের অভিযোগ। এখন জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্যসচিব আব্দুস সালাম ও মো. সাইদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর শওকত আমীন, মহাসচিব মাওলানা আবদুল করিম, নবাব সলিমুল্লাহ অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবদুল জব্বার, প্যান ইসলামী মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA