বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে উপদেষ্টার সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

মুক্তমন রিপোর্টার : প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, গঙ্গার পানি এবং দুই দেশের জনপ্রশাসনের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের পরিবর্তে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বর্তমান ভারতীয় হাইকমিশনারের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতি এবং দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন।

এ সময় তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন। পাশাপাশি বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য পাঠানোর অনুরোধ জানান তিনি।

দীনেশ ত্রিবেদী দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। ভবিষ্যতে আবারও সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করে তিনি বৈঠক শেষ করেন।