মুক্তমন রিপোর্ট : মন্টেনিগ্রোর শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দেশটিতে বছরে ৫০ হাজারের বেশি কর্মীর প্রয়োজনের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও স্বাস্থ্যসেবা খাতে সরকারি পর্যায়ে (জি-টু-জি) কর্মী নিয়োগ, সহজতর ওয়ার্ক পারমিট ব্যবস্থা এবং শ্রম অভিবাসন বিষয়ে একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে সংসদীয় কূটনীতি জোরদার, প্রতিনিধিদলের সফর বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ‘বাংলাদেশ-মন্টেনিগ্রো সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের বিষয়েও আলোচনা হয়।
দ্বিপাক্ষিক বাণিজ্য বহুমুখী ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাট ও পাটজাত পণ্য আমদানিতে মন্টেনিগ্রোর আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ তুলে ধরেন শামা ওবায়েদ। কৃষি, কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশবান্ধব পর্যটন, তৈরি পোশাক, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে মন্টেনিগ্রো।
এ ছাড়া শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতি, কর্মসংস্থান, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।