মুক্তমন রিপোর্ট : আদালতে প্রিজনভ্যান থেকে নামানোর সময় হেলমেট পরানো নিয়ে আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আখতারুজ্জামানকে হেলমেট ও হাতকড়া পরিয়ে প্রিজনভ্যান থেকে নামানোর সময় তিনি হেলমেট পরতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি বলেন, ‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না।’ দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, নিরাপত্তার স্বার্থেই তাকে হেলমেট পরানো হচ্ছে।
আপত্তির পরও তাকে হেলমেট পরিয়ে প্রিজনভ্যান থেকে নামানো হয়। পরে তিনি হেলমেটটি ছুড়ে ফেলেন। এ সময় হাতকড়া পরানো নিয়েও নিজের ক্ষোভের কথা জানান তিনি।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তাকর্মীকে হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ১ অক্টোবর মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ঘটনাস্থলে গেলে তাকে গালাগাল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে আখতারুজ্জামানের বিরুদ্ধে।
এ মামলায় শনিবার আদালত আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হন।
Muktomon/TA