মুক্তমন রিপোর্টার : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাঁর দেশ পরিচালনার সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল। সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টাও ছিলেন প্রেসিডেন্ট জিয়া। সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের উদ্যোগ নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
এ্যানি চৌধুরী বলেন, রাজনীতিতে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কখনোই কাম্য নয়।
বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি আয়োজন কিসের ইঙ্গিত—তা বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ডিসেম্বরে ‘ফ্যাসিস্ট সরকার প্রধানের’ দেশে আসা এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অন্যরা।