মুক্তমন রিপোর্টার : বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন। পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বেই দেশের মানুষ গণতন্ত্রের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের মধ্য দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন গণতন্ত্রকামী আন্দোলনে বিএনপি ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, দেশে যখনই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তখনই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
বিএনপি কখনো গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক পরিচয় তুলে ধরে প্রতিমন্ত্রী টুকু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে রাজাকার বলার সুযোগ নেই।
একইভাবে বিএনপিকে ফ্যাসিবাদী বা স্বৈরাচারী দল হিসেবেও আখ্যায়িত করা যায় না বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, বিএনপির নেতৃত্বেই দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্রের বিজয় এসেছে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের সময় খুব বেশি দিন হয়নি। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও পোশাক দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন উল্লেখ করে টুকু তাকে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় নেতৃত্বগুলোর একজন হিসেবে বর্ণনা করেন।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, বাংলাদেশকে দুর্বল করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করার যেকোনো প্রচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। গণতন্ত্রবিরোধী কোনো শক্তি যাতে ভবিষ্যতে দেশে ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জনসভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
জনসভায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী ইমাম তপন, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে পৃথক র্যালি করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হন।
জনসভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরাও অংশ নেন।