কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকার বেড়িবাঁধ প্রকল্প

কুতুবদিয়ার পোল্ডার-৭১ এলাকায় প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
কুতুবদিয়ার পোল্ডার-৭১ এলাকায় প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

মুক্তমন রিপোর্ট : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কুতুবদিয়ার পোল্ডার-৭১ এলাকার রোমাইপাড়া অংশে প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জানমাল ও কৃষিজমি রক্ষায় ধাপে ধাপে আধুনিক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে জলোচ্ছ্বাস, জোয়ারের পানি ও উপকূলীয় ভাঙন থেকে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা সুরক্ষিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বেড়িবাঁধের বর্তমান অবস্থা ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুতুবদিয়ার প্রায় ৪১ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধের মধ্যে প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার অংশে আধুনিক ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে কুতুবদিয়ার উপকূলবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্পের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের পথ তৈরি হয়েছে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Muktomon/TA