তিন মাসে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধের ঘোষণা চিফ হুইপের

 কিশোর গ্যাং প্রতিরোধবিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দিচ্ছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
কিশোর গ্যাং প্রতিরোধবিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য দিচ্ছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মুক্তমন রিপোর্ট : আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, কিশোরদের হাতে অস্ত্র বা চাপাতি নয়, বই-খাতা দেখতে চান। তারা লেখাপড়া করে দক্ষতা অর্জন করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক প্রযুক্তিতে নিজেদের সম্পৃক্ত করবে।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে। বর্তমানে যারা সমাজে সন্ত্রাস ও মব সৃষ্টির সঙ্গে যুক্ত, তাদের কেউ কেউ আগের শাসনামলেও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল বলে তিনি দাবি করেন। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সরকার কোনো ‘হেলমেট বাহিনী’ বা ‘হাতুড়ি বাহিনী’ দেখতে চায় না। দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অশ্লীল ভাষা ও অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, ইউটিউব ও ফেসবুকে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। নিজের ঘর থেকেই অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়ারিরা রাজনৈতিক পরিচয় বদলে বিভিন্ন দলের নাম ব্যবহার করে। তাঁর দাবি, আগের শাসনামলে রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেউ কেউ এখন ক্ষমতাসীনদের নাম ব্যবহার করে অপরাধ করছে।

তিনি বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, সরকারি দল ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ঘটনা ঘটলেই ঢালাওভাবে সরকারের ওপর দায় চাপানোর প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পারস্পরিক দোষারোপের রাজনীতি চলতে থাকলে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ কঠিন হবে।

রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এ পদত্যাগের মধ্য দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক এম এম বাদশাহ, মনির মিল্লাত ও জাফর ইকবাল।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

Muktomon/TA